
বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক লুটপাট ও চরম অবহেলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকালে ঝটিকা সফরে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালগুলোর বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে চিকিৎসা ও খাবারের মান সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি জানান, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া এই অবহেলিত খাতের শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী তিন বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৯ তলা বিশিষ্ট আধুনিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। এছাড়া ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে তিন ধাপে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে।
হাসপাতালের ওষুধ ক্রয়ে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, সরকারি ওষুধ, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন ও অ্যান্টিভেনমের মতো জরুরি ইনজেকশন রোগীদের না দিয়ে বাইরে বিক্রি করে দেয়া হতো। রোগীদের সঙ্গে চিকিৎসকদের খারাপ ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগের কথাও তিনি উল্লেখ করেন। দায়িত্ব গ্রহণের পর নিয়মিত হাসপাতালে অনুপস্থিত থাকা ডাক্তার ও নার্সদের বিষয়ে বিভিন্ন হাসপাতাল থেকে তিনি বেশ কিছু অভিযোগ পেয়েছেন বলে জানান।
সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকার কেবল স্বাস্থ্যখাতের অবকাঠামো নয়, বরং পুরো পদ্ধতি পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে চিকিৎসক ও ওষুধ সংকট দূর করে স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফেরাতে কোনো ছাড় দেয়া হবে না।
আপনার মতামত লিখুন :