
প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে শহরের দীর্ঘদিনের দুর্গন্ধময় ময়লার ভাগাড় এখন বালুর আস্তরণে ঢেকে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় প্রায় ২০ বছর ধরে পড়ে থাকা প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই ময়লার স্তূপ সরিয়ে বালু দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। একইসাথে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ময়লার স্তূপও একইভাবে বালু দিয়ে আড়াল করা হয়েছে।
দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ পৌরসভা শহরের বিভিন্ন বাজার, বাসাবাড়ি এবং হাসপাতাল ও ক্লিনিকের বর্জ্য এই খিলপাড়া এলাকায় উন্মুক্তভাবে ফেলে আসছে। এছাড়া কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বর্জ্যও এখানে ফেলা হতো বলে অভিযোগ রয়েছে। উন্মুক্ত এই বর্জ্যের কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী এবং ঢাকা, ময়মনসিংহ ও সিলেটগামী হাজারো যাত্রীকে তীব্র দুর্গন্ধের শিকার হতে হতো। বৃষ্টির সময় এই দুর্ভোগ বহুগুণ বেড়ে যেত।
স্থানীয়রা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে এই ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে এ নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ হলেও স্থায়ী কোনো সমাধান মেলেনি। তিন-চার বছর আগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনার একটি প্রকল্প নেওয়া হলেও লোকবল সংকটসহ নানা কারণে তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি।
সরেজমিনে দেখা যায়, গত এক সপ্তাহ ধরে চলমান এই বালুচাপা দেওয়ার প্রক্রিয়ায় মহাসড়কের পাশের সেই বিশাল ময়লার স্তূপ এখন আর আগের মতো দৃশ্যমান নেই। দূর থেকে জায়গাটি পরিচ্ছন্ন মনে হচ্ছে এবং দুর্গন্ধের তীব্রতাও কিছুটা কমেছে। তবে স্থানীয়দের অভিযোগ, এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সাময়িক সৌন্দর্যবর্ধন মাত্র। সফর শেষ হলে আবারও আগের অবস্থায় ফিরে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তারা প্রধানমন্ত্রীর কাছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সব ধরনের বর্জ্য নির্দিষ্ট ব্যবস্থাপনার আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার কিশোরগঞ্জ সফর করবেন। সফরকালে তিনি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ, কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন এবং জেলা স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন।
আপনার মতামত লিখুন :