Facebook Twitter Instagram YouTube

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ /
গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে গরুবোঝাই একটি ট্রাক ও শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

দুর্ঘটনার তীব্রতায় ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে ট্রাকে থাকা পাঁচটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। খবর পাওয়ার পর কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ পরিচালনা করেন। উদ্ধারকারীরা ট্রাকের ভেতর থেকে গরু ব্যবসায়ী হানিফ ও চালক আলমগীর হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ সময় আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy