Facebook Twitter Instagram YouTube

দেশি ইলিশের নামে বিক্রি হচ্ছে বিদেশি সার্ডিন ও চৌক্কা মাছ


প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ / ০
দেশি ইলিশের নামে বিক্রি হচ্ছে বিদেশি সার্ডিন ও চৌক্কা মাছ

স্বাদে ও গন্ধে অতুলনীয় রুপালি ইলিশের চাহিদা বাঙালি ভোজনরসিকদের কাছে সবসময়ই তুঙ্গে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র বিদেশ থেকে আমদানি করা সার্ডিন, চৌক্কা, চন্দনা, চকোরি ও টাকিয়া মাছকে দেশি ‘আসল ইলিশ’ হিসেবে বাজারে বিক্রি করছে। শুধু খুচরা বাজারে নয়, নদী ও সাগর থেকে আসা টাটকা মাছের সঙ্গে এসব হিমায়িত মাছ মিশিয়ে কৌশলে ক্রেতাদের ঠকানো হচ্ছে। এতে ৩০০ থেকে ৪০০ টাকা কেজি দরের আমদানি করা মাছ ১০০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

চট্টগ্রাম মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ (এফআইকিউসি) দপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফারুকুল ইসলাম জানান, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিনিয়ত ভারত, মিয়ানমার ও ওমান থেকে হিমায়িত সামুদ্রিক মাছ আসছে। গত অর্থবছরে প্রায় ৫০০ টন এবং চলতি মাসে ৮৭ টন সার্ডিনসহ ইলিশের মতো দেখতে মাছ আমদানি হয়েছে। প্রতি মাসে গড়ে ৮০ থেকে ৯০ টন এসব মাছ দেশে আসছে।

ফিশারি ঘাটের ব্যবসায়ীদের মতে, আমদানি করা এসব মাছের কিছু অংশ গভীর সমুদ্রে নিয়ে জেলেদের ধরা আসল ইলিশের সঙ্গে মেশানো হয়। এরপর সেগুলোকে নদী বা সাগরের টাটকা মাছ হিসেবে ঘাটে এনে বিক্রি করা হয়। অনেক সময় বরফ দিয়ে ইলিশের মতো আকৃতি দেওয়া হয় সার্ডিন ও চৌক্কা মাছকে, যা সাধারণ ক্রেতাদের পক্ষে চেনা কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা জানান, আমদানি করা মাছ নিজ নিজ নামে বিক্রি করার নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না, যা একটি ভয়াবহ অপরাধ। তিনি বাজার মনিটরিং এবং সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দিয়েছেন।

আমদানিকারক খায়রুল ইসলাম রুমান জানান, ভারত থেকে ইলিশ আমদানি ২৩ তারিখ থেকে বন্ধ থাকলেও মিয়ানমার ও ওমান থেকে ইলিশের মতো দেখতে মাছ আসছে। মৎস্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে ৫২১ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকার মাছ আমদানি হয়েছে। তবে হিমায়িত সামুদ্রিক মাছের তালিকায় সার্ডিনসহ ইলিশ গোত্রের মাছগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকায় তা ‘অন্যান্য’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হচ্ছে।

চট্টগ্রামের মাছ আমদানিকারক খায়রুল ইসলাম রুমান বলেন, ভারত থেকে আসা ইলিশ আমদানি চলতি মাসের ২৩ তারিখ থেকে বন্ধ হয়েছে। এখন মিয়ানমার, ওমানসহ কয়েকটি দেশ থেকে ইলিশের মতো দেখতে মাছ আসছে। তিনি নিজেও সার্ডিনসহ ইলিশ গোত্রের মাছ আমদানি করছেন। সার্ডিন ৩০০-৩৫০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তার ভাষ্য, পেটে ডিম থাকা দেশীয় ইলিশের সঙ্গে সার্ডিন মাছটির হুবহু মিল রয়েছে। চৌক্কা কিছুটা লম্বা, যা ডিমবিহীন লম্বা ইলিশের মতো।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor