
সৌদি আরবের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইয়েমেনের বর্তমান পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি উত্তেজনার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, তারা তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি হুথিদের কাছ থেকে উদ্ধারে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। রাজধানী সানাসহ হুথিদের প্রভাবাধীন অন্যান্য অঞ্চল পুনরুদ্ধারের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান চালানো হবে। এছাড়া ইয়েমেনের সরকারি বাহিনী মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করার কথাও জানিয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি হুথিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সরকারি বাহিনীর সমর্থন আরও জোরদার করার আহ্বান জানান।
অন্যদিকে, সশস্ত্র গোষ্ঠী হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, তারা বাব এল মান্দেব প্রণালির দিকে অগ্রসরমান সরকারি বাহিনীর একটি দলকে প্রতিহত করতে সক্ষম হয়েছেন। এছাড়া তিনি জানান, ইয়েমেনের সরকারি বাহিনীকে লক্ষ্য করে হুথিরা ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে সরকারি বাহিনীর বেশ কয়েকজন হতাহত হয়েছেন এবং অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আপনার মতামত লিখুন :