Facebook Twitter Instagram YouTube

মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হারিকেনে রূপ নিতে পারে নিম্নচাপ


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৩:১৮ অপরাহ্ণ / ০
মেক্সিকো উপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, হারিকেনে রূপ নিতে পারে নিম্নচাপ

মেক্সিকো উপসাগরে সৃষ্ট একটি ক্রান্তীয় নিম্নচাপ চলতি বছরের আটলান্টিক হারিকেন মৌসুমের প্রথম হারিকেনে রূপ নেওয়ার অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, ‘ট্রপিক্যাল ডিপ্রেশন নাইন’ নামে পরিচিত এই নিম্নচাপটি মিসিসিপি নদীর মোহনা থেকে প্রায় ৬৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৩৫ মাইল।

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি বুধবারের মধ্যে ক্রান্তীয় ঝড়ে এবং বৃহস্পতিবারের মধ্যে হারিকেনে পরিণত হতে পারে। এরপর এটি মেক্সিকো উপসাগর অতিক্রম করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষভাগে ঝড়টি উত্তর-পূর্ব দিকে মোড় নিয়ে শনিবারের শুরুতে যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হানতে পারে। সম্ভাব্য এই দুর্যোগের প্রভাব দক্ষিণ-পূর্ব লুইজিয়ানা থেকে ফ্লোরিডা প্যানহ্যান্ডেল পর্যন্ত বিস্তৃত হতে পারে।

ঝড়টির প্রভাবে শুক্রবার থেকে সপ্তাহান্ত পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের বেশ কিছু এলাকায় ৩ থেকে ৬ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে, যা কিছু স্থানে ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে আকস্মিক ও নগর বন্যার পাশাপাশি বিচ্ছিন্ন নদীবন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। হারিকেনে রূপ নিলে ঝড়টির কেন্দ্রে বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ মাইল পর্যন্ত হতে পারে। এছাড়া প্রবল বাতাস, বিপজ্জনক ঢেউ ও শক্তিশালী সামুদ্রিক স্রোতের ঝুঁকিও তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরের যে পথ দিয়ে ঝড়টি এগোচ্ছে সেখানে শক্তিশালী বায়ুপ্রবাহের বাধা কম, যা এটিকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। তবে উপকূলের কাছাকাছি পৌঁছালে বায়ুর গতিপ্রবাহের পরিবর্তনের কারণে ঝড়টি কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এটি হারিকেনে পরিণত হলে তা হবে ২০২৬ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হারিকেন। ১৯০৫ সালের ৮ অক্টোবরের পর এবারই সবচেয়ে দেরিতে মৌসুমের প্রথম হারিকেন তৈরির রেকর্ড হতে পারে, যা ১২১ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি। এদিকে, প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘এল নিনো’ আবহাওয়াব্যবস্থা সক্রিয় থাকায় এ বছর আটলান্টিক অঞ্চলে ঝড়ের প্রবণতা তুলনামূলক কম ছিল। এল নিনোর কারণে সৃষ্ট উইন্ড শিয়ার ক্রান্তীয় ঝড়ের শক্তি বৃদ্ধিতে বাধা দেয়।

অন্যদিকে, ক্যারিবীয় অঞ্চলের সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনসে একটি পৃথক ক্রান্তীয় ঢেউয়ের প্রভাবে ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দেশটির স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh