Facebook Twitter Instagram YouTube

পাকিস্তানি ‘হানিট্র্যাপের’ ফাঁদে তথ্য পাচার, ভারতীয় নৌসেনা গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ / ০
পাকিস্তানি ‘হানিট্র্যাপের’ ফাঁদে তথ্য পাচার, ভারতীয় নৌসেনা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি এক নারী গোয়েন্দা কর্মকর্তার ‘হানিট্র্যাপে’ (ফাঁদে) পড়ে গোপন সামুদ্রিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় নৌবাহিনীর এক নাবিককে গ্রেপ্তার করা হয়েছে। ৩১ বছর বয়সী ওই নাবিকের নাম প্রদীপ মুখার্জি। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস ও দ্য টাইমস অব ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে।

অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) শাখা তামিলনাড়ুর কোয়েম্বাটোরে অবস্থিত ভারতীয় নৌবাহিনীর নেতৃত্ব প্রশিক্ষণকেন্দ্র ‘আইএনএস অগ্রানি’ থেকে প্রদীপকে গ্রেপ্তার করে। পশ্চিমবঙ্গের বাসিন্দা প্রদীপ মুখার্জি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। তিনি বিশাখাপত্তনমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডের অধীনে নাবিক হিসেবে কর্মরত ছিলেন। গ্রেপ্তার হওয়ার সময় তিনি আইএনএস অগ্রানিতে একটি ব্যবস্থাপনা উন্নয়ন কোর্সে অংশ নিচ্ছিলেন, যেখানে তিনি প্রায় এক সপ্তাহ আগে এসেছিলেন।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পাকিস্তানি নারী গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে প্রদীপের যোগাযোগ স্থাপন হয়। ধীরে ধীরে ওই নারী তার সঙ্গে একটি অনলাইন সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে এই সম্পর্কের সুযোগ নিয়ে বিশাখাপত্তনম নৌঘাঁটির কৌশলগত নৌসম্পদ, নৌবহরের চলাচল এবং ঘাঁটির বিভিন্ন কার্যক্রমের কাঠামোসংক্রান্ত অত্যন্ত সংবেদনশীল ও গোপন তথ্য সংগ্রহ করেন ওই নারী কর্মকর্তা।

প্রদীপের সঙ্গে সংশ্লিষ্ট কিছু সন্দেহজনক ডিজিটাল কার্যক্রম শনাক্ত হওয়ার পর ঘটনার তদন্তে নামে অন্ধ্রপ্রদেশ পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স শাখা, যারা মূলত সীমান্তপারের গুপ্তচরবৃত্তি এবং সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট হুমকি নিয়ে কাজ করে। এরপর থেকে প্রদীপকে কড়া নজরদারিতে রাখা হয়েছিল। পরবর্তীতে নৌবাহিনী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কাউন্টার ইন্টেলিজেন্সের একটি বিশেষ দল আইএনএস অগ্রানিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এই গ্রেপ্তারের বিষয়টি স্থানীয় পুলিশকেও অবহিত করা হয়েছে।

গ্রেপ্তারের পর প্রদীপকে স্থানীয় একটি আদালতে হাজির করা হয়। সেখান থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে বিজয়ওয়াড়ায় কাউন্টার ইন্টেলিজেন্সের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ঘটনাটির তদন্ত চলছে। প্রদীপের মাধ্যমে ঠিক কী পরিমাণ ও কী ধরনের প্রতিরক্ষা-সংক্রান্ত গোপন তথ্য পাচার হয়েছে, তা নির্ধারণের চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, ওই পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে তার যোগাযোগের গভীরতা এবং এই চক্রে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রদীপের বিরুদ্ধে ওঠা এই অভিযোগগুলো এখনো তদন্তাধীন এবং আদালতে তা প্রমাণিত হয়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy