
ওমানে মার্কিন সামুদ্রিক নজরদারি রাডার লক্ষ্য করে ধারাবাহিক হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে যে, তাদের এই প্রতিশোধমূলক অভিযানের ১৩তম ধাপ অত্যন্ত দৃঢ়তার সাথে চলমান রয়েছে।
আইআরজিসির তথ্য অনুযায়ী, ওমানের ঘানিম অঞ্চলে অবস্থিত একটি মার্কিন বিমান নিয়ন্ত্রণ রাডার এবং ইরান ও ওমানকে বিভক্তকারী হরমুজ প্রণালির পাথুরে অংশে থাকা একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ রাডার ধ্বংস করা হয়েছে। এর আগে সিরিয়ার আল-তানফ জেলায় মার্কিন কমান্ড সেন্টারে ইরানি হামলার ঘটনা ঘটেছিল।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার, বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রের ডিপো এবং দুটি হিমার্স ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল লঞ্চার ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসির ভাষ্যমতে, ইরানের টেলিযোগাযোগ ও রেল নেটওয়ার্কসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবেই এই সামরিক অভিযান পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :