Facebook Twitter Instagram YouTube

ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে ইরান-চীনের নতুন সহযোগিতার উদ্যোগ


প্রকাশের সময় : আগস্ট ২৪, ২০২৬, ২:১১ অপরাহ্ণ /
ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে ইরান-চীনের নতুন সহযোগিতার উদ্যোগ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন যে, একটি ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠা, বহুপাক্ষিকতা জোরদার এবং বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ইরান ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উপলক্ষে তিনি চীনকে ইরানের ‘দুর্দিনের বন্ধু’ হিসেবে অভিহিত করেন। আরাগচির মতে, পারস্পরিক আস্থা এবং দুই দেশের নেতাদের দৃঢ় রাজনৈতিক সদিচ্ছার ওপর ভিত্তি করে তেহরান ও বেইজিং সহযোগিতার একটি নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী।

পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইরানের ওপর সর্বোচ্চ চাপের মধ্যেও সাম্প্রতিক বছরগুলোতে তেহরান-বেইজিং সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। চীনকে ইরানের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে বর্ণনা করে আরাগচি সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও), ব্রিকস এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানবিরোধী কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নৈতিক নীতিমালার লঙ্ঘন। এই পরিস্থিতিতে শান্তিপ্রিয় দেশগুলোকে বিশ্বশান্তি রক্ষায় আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এসসিও ও ব্রিকসের মতো বহুপাক্ষিক সংগঠনগুলো বৈশ্বিক ক্ষমতার একচেটিয়া আধিপত্য ভেঙে উন্নয়নশীল দেশগুলোর স্বার্থে একটি ন্যায্য আন্তর্জাতিক ব্যবস্থা প্রতিষ্ঠার হাতিয়ার হতে পারে। এসব কাঠামোর সুযোগ কাজে লাগিয়ে চীনসহ সদস্য দেশগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও জোরদারে ইরান প্রস্তুত রয়েছে। তার মতে, ইরান-চীন সহযোগিতা কেবল দুই দেশের স্বার্থই রক্ষা করবে না, বরং এটি ন্যায়ভিত্তিক বহুপাক্ষিকতা, স্থায়ী শান্তি এবং উদীয়মান আন্তর্জাতিক ব্যবস্থায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি মডেল হিসেবে কাজ করবে।

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৩: ৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৩: ৫৯

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh