
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে বিভিন্ন সেবার বিনিময়ে ফি আদায়ের একটি খসড়া আইন অনুমোদন করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘হরমুজ প্রণালির নিরাপত্তা ও অগ্রগতি নিশ্চিত করতে কৌশলগত পদক্ষেপ’ নামক পরিকল্পনার তৃতীয় ধারাটি কমিশন অনুমোদন করেছে। এই আইনের আওতায়, যেসব দেশের জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে, তাদের কাছ থেকে নির্দিষ্ট ফি নেওয়া হবে।
কমিশনের মুখপাত্র হাসান কাশকাভি জানান, সামুদ্রিক সেবা, পরিবেশ সুরক্ষা, বিশেষ পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ, বীমা ও নিরাপত্তাসহ বিভিন্ন সেবার বিপরীতে এই ফি আদায় করা হবে। তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের নিজস্ব নিয়ম ও পরিস্থিতি রয়েছে। ১৯৮২ সালের সমুদ্র আইনবিষয়ক কনভেনশনের কথা তুলে ধরে কাশকাভি দাবি করেন, প্রস্তাবিত আইনটি প্রণালীর তীরবর্তী দেশগুলোর অধিকারের বিষয়টিও বিবেচনায় রেখেছে।
এই ফি ইরানি রিয়াল অথবা তেহরানের নির্ধারিত যেকোনো মুদ্রায় পরিশোধ করা সম্ভব হবে। তবে এটি বর্তমানে কেবল খসড়া আইন পর্যায়ে রয়েছে। আইনটিকে চূড়ান্তভাবে কার্যকর করার জন্য পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :