
গাজা যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতের আবহে গত পাঁচ বছরে ইসরাইলের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি ১৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালে দেশটির প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি থেকে আয় হয়েছিল ৮৩০ কোটি ডলার, যা ২০২৫ সালে বেড়ে ১ হাজার ৯২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এই অস্ত্রের অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে সংযুক্ত আরব আমিরাত।
গত বৃহস্পতিবার প্রকাশিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ‘ডিফেন্স ডিভিডেন্ডস অব দ্য আব্রাহাম অ্যাকর্ডস’ শিরোনামের ওই প্রতিবেদনে ইসরাইলের প্রতিরক্ষা রপ্তানি বৃদ্ধির এই চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পাশাপাশি ইসরাইল হিজবুল্লাহ ও হুথিদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এবং ইরানের সঙ্গেও সরাসরি সংঘাতে লিপ্ত হয়েছে। এসব সংঘাতের সময়ে ইসরাইলের প্রতিরক্ষা শিল্পের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলস্বরূপ রপ্তানি আয়ে এই উল্লম্ফন দেখা গেছে।
আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরকারী তিন দেশ—সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো ইসরাইলের অস্ত্রের গুরুত্বপূর্ণ ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে। তবে এই তিন দেশের মধ্যে সংযুক্ত আরব আমিরাত সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে। ২০২২ সালে ইসরাইলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস আমিরাতের কাছে মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ‘স্পাইডার এমআর’ বিক্রি করে। একই বছর এলবিট সিস্টেমস ও ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) সহ আরও কয়েকটি ইসরাইলি প্রতিষ্ঠান আমিরাতে বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি রপ্তানি করে।
তবে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক কেবল অস্ত্র কেনাবেচায় সীমাবদ্ধ নেই। প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতাও বাড়ছে। আমিরাতের প্রতিষ্ঠান ইডিজিই ইসরাইলের অন্তত আটটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।
আপনার মতামত লিখুন :