আসন্ন নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, এই দেশ বা এর মানুষ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। সমাজ ও দেশ কারা পরিচালনা করবে, তা নির্ধারণ করার মালিক এ দেশের জনগণ। রুকনদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের আস্থা জামায়াতের প্রতি বাড়ছে, তাই প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের মোকাবিলায় দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলতে হবে। এছাড়া ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মেয়র কিংবা কাউন্সিলর—কোনো পদেই দুর্বল প্রার্থী দেওয়া যাবে না এবং কোনো আসন ফাঁকা রাখা হবে না। সব জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে। সমাজে কোনো অন্যায্য বা অনিয়ম ঘটলে জামায়াত ঘরে বসে থাকবে না উল্লেখ করে তিনি বলেন, নিয়মতান্ত্রিকভাবে রাজপথে প্রতিবাদ জানানো হবে এবং মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
আপনার মতামত লিখুন :