
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে। তিনি বলেন, শুধু স্বাস্থ্য খাতই নয়, ব্যাংক, বীমা, করপোরেশন এবং স্টক মার্কেটের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো আজ মাটির সঙ্গে মিশে গেছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, রাজধানীর মতো কেন্দ্রীয় অবস্থানেও দিনে-দুপুরে এবং রাতে বিভিন্ন ধরনের অপকর্ম ঘটছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও খোদ রাজধানীতে এমন পরিস্থিতি সারা দেশের সার্বিক অবস্থার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরে।
এ সময় তিনি সাবেক সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি উল্লেখ করেন, তিন দিন আগে ঢাকা বিমানবন্দরে সীমাহীন দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করেছিলেন তিনি। ডা. শফিকুর রহমান প্রশ্ন তোলেন, একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি হয়েও কেন তাকে লাগেজ পাওয়ার জন্য তিন ঘণ্টার বেশি সময় অপেক্ষা করতে হয়েছে?
আখতারুজ্জামানের প্রতি হওয়া আচরণের সমালোচনা করে তিনি বলেন, তাকে হাতকড়া পরানো হয়েছে, অপমান করার জন্য হেলমেট পরানো হয়েছে এবং তার বুকের জ্যাকেট ফেলে দেওয়া হয়েছে। আদালতে যখন জামায়াতে ইসলামীর আইনজীবীরা জানতে চেয়েছিলেন যে, তিনি কাকে মেরেছেন এবং এর সিসিটিভি ফুটেজ বা প্রমাণ কী, তখন বলা হয়েছে ওই এলাকায় কোনো সিসি ক্যামেরা ছিল না। জামায়াত আমির বলেন, আখতারুজ্জামান কিছু কথা বলেছিলেন যা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছিলেন তা শতভাগ সত্য।
ডা. শফিকুর রহমান বলেন, ‘তিন দিন আগে ঢাকা এয়ারপোর্টে এয়ারপোর্টের সীমাহীন দুর্নীতি, অন্যায়-অপকর্মের প্রতিবাদ করার জন্য ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দু’বারের সাবেক এমপি, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর দেশের মানুষ যাকে সবাই চেনে, তিনি প্রতিবাদ করেছেন। কেন তাকে তার লাগেজটি পাওয়ার জন্য তিন ঘণ্টার অধিক সময় অপেক্ষা করতে হয়
তিনি বলেন, ‘আখতারুজ্জামান কিছু কথা বলেছেন, কথা হয়তো অনেকের ভালো লাগেনি, নাও লাগতে পারে। কিন্তু যে বিষয়ে তিনি প্রতিবাদ করেছেন, তা ১০০ বার সত্য।’
আপনার মতামত লিখুন :