
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর ‘অসম্মানজনক ও অবমাননাকর’ শব্দ চয়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, গত শনিবার বিকেলে মেজর (অব.) আক্তারুজ্জামানের মামলার বিষয়ে ব্রিফিং করার সময় পিপি অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী তার সম্পর্কে অত্যন্ত অসম্মানজনক শব্দ ব্যবহার করেছেন। তিনি বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান একজন বীর মুক্তিযোদ্ধা, জাতীয় সংসদের সাবেক সদস্য এবং দেশের একজন সম্মানিত নাগরিক। এমন একজন ব্যক্তির সম্পর্কে সাংবাদিকদের সামনে অশালীন ও আপত্তিকর বক্তব্য দিয়ে পিপি তার নিজের অবস্থান ও দায়িত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের দায়িত্ব থেকে তিনি এমন কথা বলতে পারেন না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, একজন দায়িত্বশীল পদে থেকে এমন ভাষা প্রয়োগ করা কোনোভাবেই কাম্য নয়। তিনি ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার জন্য অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :