
সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে এবং নিজেদের গণমুখী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা করতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের পথে হাঁটছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো নিজেদের গঠনতন্ত্রে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে দলটি। এই উদ্যোগের অংশ হিসেবে একটি নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে, যেখানে অন্তর্ভুক্ত হবেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞরা। বিশেষ বিষয় হলো, এই পরিষদের সদস্য হতে জামায়াতের ‘রুকন’ বা শপথধারী সদস্য হওয়ার কোনো বাধ্যবাধকতা রাখা হচ্ছে না।
দলটির নীতিনির্ধারণী সূত্রের তথ্য অনুযায়ী, এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে নীতিগতভাবে সম্মতি দিয়েছে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এখন পর্যন্ত দলটির পলিসি প্রণয়ন ও নীতিনির্ধারণ কেবল রুকনদের হাতেই সীমাবদ্ধ ছিল। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং মজলিসে শূরা—এসব গুরুত্বপূর্ণ ফোরামে রুকন ছাড়া বাইরের কারও অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই। তবে রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখা এবং কট্টরপন্থী ভাবমূর্তি থেকে বেরিয়ে এসে সর্বজনগ্রাহ্য দল হিসেবে রূপ নিতেই রুকন হওয়ার শর্ত শিথিল করে বিশেষজ্ঞদের নিয়ে উপদেষ্টা পরিষদ গড়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে।
দলটির গঠনতন্ত্র সংশোধনের কাজ তদারকি করছে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গঠিত একটি কমিটি। সংশোধনী কমিটিতে বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। নতুন এই প্রক্রিয়ার অধীনে সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সাবেক সচিব, অভিজ্ঞ কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন খাতের বিশিষ্ট বিশেষজ্ঞরা প্রস্তাবিত উপদেষ্টা পরিষদে জায়গা পেতে পারেন।
এ বিষয়ে কথা বললে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং গঠনতন্ত্র সংশোধন কমিটির আলোচনার টেবিলেই রয়েছে। জামায়াত আমিরকে বিভিন্ন বিষয়ে সঠিক দিকনির্দেশনা ও পরামর্শ দিতেই পেশাজীবী ও বিশেষজ্ঞদের সমন্বয়ে এই পরিষদ গঠনের চিন্তা করা হচ্ছে। কমিটি তাদের পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোনো হবে। তিনি আরও জানান, জামায়াতের একটি ছায়া মন্ত্রিসভা বা বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে সক্রিয় রয়েছে, যারা বিভিন্ন খাতের টেকসই সমাধান খোঁজা এবং সরকারের ভুলত্রুটি চিহ্নিত করার কাজ করছে।
দলীয় নীতিনির্ধারকরা মনে করছেন, কট্টরপন্থি নীতি নিয়ে ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া বা সফলভাবে দেশ পরিচালনা করা কঠিন। তাই সঠিক পরামর্শ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া জামায়াত সূত্রের মতে, ৫টি প্রধান পেশাজীবী সেক্টরে দলের সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্রীড়াঙ্গন, সংস্কৃতি ও সাংবাদিক অঙ্গন। এসব দুর্বল সেক্টরে জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে দলটি কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি নতুন যুব ও ক্রীড়া বিভাগ গঠন করা হয়েছে।
এই ধারাবাহিকতায় আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। দেশের ৫০০টি উপজেলা থেকে আসা সহস্রাধিক প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
গঠনতন্ত্র সংশোধনের প্রক্রিয়া সম্পর্কে জানা গেছে, প্রথমে উপকমিটির সুপারিশ প্রস্তুত করা হবে। এরপর সেটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং মজলিসে শূরার অনুমোদন পাবে। সবশেষে এই সিদ্ধান্ত পাশ হবে রুকন সম্মেলনে। দলটিতে বর্তমানে প্রায় সোয়া এক লাখ রুকন রয়েছেন। কেন্দ্রীয়ভাবে এত বিপুল সংখ্যক রুকনের সম্মেলন আয়োজন করা সম্ভব না হলে বিভাগীয় বা অঞ্চলভিত্তিক সম্মেলন করে গঠনতন্ত্রের এই বড় পরিবর্তন আনুষ্ঠানিকভাবে বাস্তবায়ন করা হতে পারে।
আপনার মতামত লিখুন :