Facebook Twitter Instagram YouTube

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক মনোনয়নে জামালপুরের কাশফিয়া


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৬, ৬:২৪ পূর্বাহ্ণ / ০
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের প্রাথমিক মনোনয়নে জামালপুরের কাশফিয়া

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কড়ইচুড়া ইউনিয়নের মোমেনাবাদের বাসিন্দা কাশফিয়া জান্নাত কুহু আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬ এর প্রাথমিক মনোনয়ন পেয়েছে। শিক্ষক দম্পতি কাইয়ুম হিলালী মাইকেল ও শিউলী খাতুনের সন্তান কাশফিয়া ঢাকায় পড়াশোনা করলেও নিজের শেকড়ের সাথে যোগাযোগ রেখে শিশু অধিকার ও সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে।

শিশুদের নোবেল হিসেবে পরিচিত এই পুরস্কারের জন্য এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাথমিকভাবে ২শ ৯৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার মধ্যে বাংলাদেশ থেকে রয়েছে ৪২ জন। শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ৭ শিশু সাংবাদিকের মধ্যে কাশফিয়া জান্নাত কুহুও রয়েছে। হ্যালোর ৭ জনসহ বাংলাদেশ থেকে মোট ৪২ জনের নাম রয়েছে এবারের প্রাথমিক মনোনয়নে।

কিডস রাইটসের তথ্য অনুযায়ী, কাশফিয়া গ্রামাঞ্চলে বেড়ে ওঠার সময় বাল্যবিবাহ ও লিঙ্গ বৈষম্যের শিকার মেয়েদের অবস্থা দেখে এই কাজে উদ্বুদ্ধ হয়। গত এক বছরে সে ব্যক্তিগতভাবে বেশ কয়েকটি বাল্যবিবাহ বন্ধে হস্তক্ষেপ করেছে এবং ঝরে পড়া শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। এছাড়া উঠান বৈঠক ও স্থানীয় সেমিনারের মাধ্যমে লিঙ্গ সমতা, শিশু অধিকার এবং জলবায়ু ন্যায়বিচার নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছে সে। শিশু সাংবাদিক হিসেবেও সে বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও আইনের যথাযথ প্রয়োগের প্রয়োজনীয়তা নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছে।

উল্লেখ্য, কাশফিয়া এর আগেও ২০২৫ সালের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। তার বড় বোন কারিমা ফেরদৌসী কেকাও একই ধরণের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত। দুই বোনের কাজের সুবাদে মাদারগঞ্জের নাম আন্তর্জাতিক পরিসরে আলোচিত হয়েছে। নেদারল্যান্ডসভিত্তিক শিশু অধিকার সংস্থা কিডস রাইটস প্রতিবছর এই পুরস্কার প্রদান করে, যা ২০০৫ সালে চালু হয়। ২০২০ সালে বাংলাদেশের নড়াইলের সাদাত রহমান সাইবার বুলিং থেকে সুরক্ষায় কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার অর্জন করেছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh