
অনলাইন গণমাধ্যম ‘ডেইলি বাংলাদেশ’-এর শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনিরের বাবা মো. সফর উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। পরিবারের পক্ষ থেকে প্রয়াত এই সমাজসেবকের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে সকলের কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
পরিবারিক সূত্র জানায়, খাদ্যনালিতে ক্যানসার ধরা পড়ার পর ২০২৪ সালের ৯ নভেম্বর ঢাকার ধানমন্ডির ইবনেসিনা হাসপাতালে মো. সফর উদ্দিনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে ১৫ নভেম্বর তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরদিন ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মরহুম মো. সফর উদ্দিন স্থানীয় নানা সামাজিক ও ধর্মীয় উদ্যোগের সঙ্গে জড়িত ছিলেন। তিনি যিদনী মডেল স্কুলের সহসভাপতি, স্থানীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সদর থানা এলাকার উন্মুক্ত কবরস্থানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্বের মাধ্যমে তিনি আজীবন মানুষের সেবায় নিবেদিত ছিলেন।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলে সাংবাদিক মো. জাহিদুল হক মনির পেশাগত সাংবাদিকতার পাশাপাশি ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বাবার স্মৃতিচারণ করে সাংবাদিক জাহিদুল হক মনির বলেন, ‘বাবাকে হারানোর দুই বছর হয়ে গেল। সময় যত যাচ্ছে, বাবাকে হারানোর শূন্যতাটা যেন আরও গভীর হচ্ছে। জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর কথা মনে পড়ে। ছোটবেলা থেকে বাবার স্নেহ, শাসন ও সাহসই ছিল আমার পথচলার বড় শক্তি। আজ তিনি নেই, কিন্তু তাঁর শেখানো মূল্যবোধ ও মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা এখনো আমাকে পথ দেখায়।’
বাবার শেষ দিনগুলোর স্মৃতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘বাবার শেষ সময়ের দিনগুলো এখনো চোখের সামনে ভাসে। হাসপাতালের আইসিইউর সেই সময়, ভেন্টিলেশনে থাকা বাবাকে ঘিরে আমাদের উৎকণ্ঠা। সবকিছুই এখনো মনে হয় এই তো সেদিনের ঘটনা। ১৬ নভেম্বর দিনটি আমাদের পরিবারের জন্য কখনো ভুলার নয়।’
আপনার মতামত লিখুন :