
জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি, আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা বা দায়মুক্তি এবং ফ্যাসিবাদী শেখ হাসিনাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে সরব হয়েছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির ষষ্ঠ বৈঠকে অংশ নিয়ে তারা এই তিন দফা দাবি উত্থাপন করেন। বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মা-বাবা, ভাই এবং আহত ব্যক্তিসহ বিভিন্ন সংগঠনের মোট ৬৩ জন জুলাইযোদ্ধা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষার জন্য বিদ্যমান অধ্যাদেশটি আইনি বৈধতা পেলেও, এটিকে আরও শক্তিশালী করতে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয়টি সাংবিধানিক ভিত্তি পাবে। একইসঙ্গে, মানবতাবিরোধী ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশন ও তদন্তে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন।
সংবিধানের প্রস্তাবনাসহ উপযুক্ত স্থানে 'জুলাই ঘোষণাপত্রটি' ধারণ করার দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতসহ যেভাবে সনদটি স্বাক্ষরিত হয়েছে, কমিটি ঠিক সেভাবেই তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন কোনো পদ্ধতিতে এটি বাস্তবায়নের সুযোগ নেই।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, অতীতের বিতর্ক এড়াতে রাষ্ট্রপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার বিকল্পটি এবার বাতিল করা হচ্ছে। এছাড়া ভবিষ্যতে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে সংবিধানে 'গণভোট' ব্যবস্থা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তিনি ব্যাখ্যা করেন যে, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল হলেও হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আগের আইনটি বহাল হয়েছে। এখন সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে নতুন সংশোধনীতে গণভোটের ব্যবস্থা রাখা হবে।
সংবিধান সংশোধনের চূড়ান্ত প্রতিবেদন তৈরির বিষয়ে তিনি জানান, প্রস্তাবনাগুলো এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই সংবিধান বিশেষজ্ঞ, সাবেক বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে মতামত গ্রহণ করা হবে। সবার মতামতের ভিত্তিতে সংকলিত সমৃদ্ধ বিল জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক এবং সাকিলা ফারজানা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :