
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের আপত্তির মুখে গাজীপুরের কালিয়াকৈরে ফের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির অবনতি এড়াতে এর মধ্যে অন্তত সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার সকাল ৭টা থেকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, মৌচাক, সফিপুর, কোনাবাড়ী ও পল্লীবিদ্যুৎ এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে এ চিত্র দেখা গেছে।
রোববার সকালে নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে এসে কারখানার ফটকে বন্ধের নোটিশ দেখে বাধ্য হয়ে ফিরে যান শ্রমিকরা। অনেকে দীর্ঘ সময় ফটকের সামনে অপেক্ষা করেও কাজে যোগ দেওয়া নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাননি। হঠাৎ কারখানা বন্ধ হওয়ায় কাজ হারানোর শঙ্কার পাশাপাশি চরম অনিশ্চয়তায় পড়েছেন ওই এলাকার হাজার হাজার পোশাকশ্রমিক।
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স ও ডিভাইন ছাড়াও সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ মোট সাতটি কারখানা রয়েছে। সকাল থেকেই এসব কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলতে দেখা গেছে।
পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স হোল্ডিংয়ের কয়েকজন পোশাকশ্রমিক হতাশা প্রকাশ করে জানান, প্রতিদিন নিয়ম মেনে তারা কাজের উদ্দেশ্যে বের হন। কাজ না থাকলে সাধারণ শ্রমিকদের পেটে খাবার জোটে না। শ্রমিকদের ভাষ্য, 'আমরা চাই কারখানায় কাজ চালু থাকুক। বেতনের দাবিতে আমরা আন্দোলন করেছি এবং সরকার বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছে। কিন্তু প্রতিদিন সকালে এসে কোনো না কোনো ঝামেলার মুখোমুখি হতে হচ্ছে। সকালে এসে শুনি ছুটি, আবার আজ দেখছি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেওয়া হয়েছে।'
মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই গাজীপুরের শিল্পাঞ্চলজুড়ে সড়ক অবরোধ, ভাঙচুর ও বিক্ষোভ চলে আসছিল। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো গাজীপুরে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির মোট ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, অনাকাঙ্ক্ষিত আন্দোলন, হামলা ও ভাঙচুরের ঘটনার কারণে বেশ কিছু কারখানা বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ। আর কিছু কারখানা খোলা থাকলেও সেগুলোতে কাঙ্ক্ষিত উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না। আজ নতুন করে কতগুলো কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, সেটির সুনির্দিষ্ট লিখিত নোটিশ এখনো পুলিশের কাছে পৌঁছায়নি বলে উল্লেখ করেন তিনি।
শিল্প পুলিশ সুপার আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা সকালে শ্রমিকদের ছুটি ঘোষণা করেছে। তবে আজ রোববার কোথাও নতুন করে কোনো শ্রমিক আন্দোলনের খবর পাওয়া যায়নি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে।
আপনার মতামত লিখুন :