Facebook Twitter Instagram YouTube

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল


প্রকাশের সময় : আগস্ট ২৫, ২০২৬, ৩:০১ অপরাহ্ণ /
জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

জরিমানা পরিশোধ না করেই মোটরযানের বিভিন্ন কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত কোনো প্রকার জরিমানা ছাড়াই শুধুমাত্র মূল কর ও ফি জমা দিয়ে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে।

গত রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা দিয়ে সব ধরনের মোটরযানের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হলো।

অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারেননি, তারা নতুন করে এই সুযোগটি পাবেন। তারা এই বর্ধিত সময়ের মধ্যে নির্ধারিত মূল কর ও ফি পরিশোধ করে তাদের কাগজপত্র হালনাগাদ করে নিতে পারবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor