
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে শরীরে গুলি বয়ে বেড়ানো ‘জুলাই যোদ্ধা’ (হেলথ কার্ডধারী) এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে ও জনস্বার্থে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এ রিটটি দায়ের করেন।
এর আগে গত ১৯ নভেম্বর সংশ্লিষ্ট বিবাদীদের ২৪ ঘণ্টার সময় বেধে দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় হাইকোর্টে এই রিট আবেদনটি জমা দেওয়া হয়। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট ৯ জনকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২০২৬ সালের ১০ নভেম্বর থেকে দেশজুড়ে আওয়ামী লীগ ও দলটির নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং থানা, হাসপাতালসহ সরকারি-বেসরকারি সম্পত্তিতে সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আবেদনটিতে কয়েকটি নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়। যার মধ্যে রয়েছে— ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দেওয়া ও বিজিবির চারটি গাড়িতে অগ্নিসংযোগ, ১৮ নভেম্বর নড়াইলের কালিয়ায় বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা মো. শাহীন ও সোহেল মোল্লাকে হত্যা, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে হত্যা এবং গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরাফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী চিকিৎসাধীন থাকা অবস্থায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
এছাড়া সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা, ১০ থেকে ১৬ নভেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংকের ২০ থেকে ৩৭টি শাখায় অগ্নিসংযোগ ও হামলার চেষ্টা এবং ১৮ নভেম্বর চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পাঁচলাইশের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের বিষয়গুলোও রিটে তুলে ধরা হয়েছে।
রিটে ১৯৫৬ সালের ‘কমিশন অব ইনকোয়ারি’ আইনের অধীনে সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এই কমিটিকে ১৯৭২ থেকে ১৯৭৫ সালের রক্ষীবাহিনীর কর্মকাণ্ড ও সিরাজ সিকদার হত্যা, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বর অভিযান, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুম-খুনের ঘটনা (‘আয়নাঘর’), শ্বেতপত্র অনুযায়ী প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার, সংখ্যালঘু সম্প্রদায়কে ঢাল হিসেবে ব্যবহার করে অগ্নিসংযোগ ও বিরোধীদের ওপর দায় চাপানোর অপচেষ্টা এবং ২০২৪ সালের ৫ আগস্টের পর সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিদেশি সম্পৃক্ততার বিষয়ে তদন্ত শেষ করে ৯০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ চাওয়া হয়েছে।
একইসঙ্গে দেশ-বিদেশে দলটির অর্থের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে তহবিল বাজেয়াপ্ত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ-কে ৩০ দিনের মধ্যে হলফনামা আকারে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
আন্তর্জাতিক পদক্ষেপের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশের সরকার ও দূতাবাসগুলোকে আওয়ামী লীগের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের ২১৯ ধারা অনুযায়ী দলটিকে ‘ফরেন টেরোরিস্ট অর্গানাইজেশন’ (এফটিও) হিসেবে তালিকাভুক্ত করতে ওয়াশিংটন দূতাবাসের মাধ্যমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানোর আর্জি জানানো হয়েছে। পাশাপাশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানো বন্ধে ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা এবং দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রীসহ ট্রাইব্যুনালের আসামিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।
আপনার মতামত লিখুন :