
টানা ভারী বর্ষণের ফলে কক্সবাজারের চকরিয়া এবং বান্দরবানের লামায় পাহাড়ধসের পৃথক ঘটনায় মোট ৭ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ৯ জুলাই ভোরে এসব দুর্ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ভোরে উপজেলার মছনিয়া কাটা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘরের ওপর মাটি চাপা পড়ে একই পরিবারের দুই শিশু মারা গেছে। চকরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার জানিয়েছেন, পাহাড়ধসের সময় ওই ঘরে থাকা দুই শিশুসহ তাদের মা মাটি চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। তাদের মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃত শিশুদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অন্যদিকে, চকরিয়ার পার্শ্ববর্তী বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া-পাগলির ঝিরি এলাকায় পাহাড়ধসে আরও পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভোরে পাহাড়ধসের পর স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন।
নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন মিশনপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৪০), তার স্ত্রী রানু আক্তার (৩৫) এবং তাদের ছেলে মোহাম্মদ সোলেমান (৫)। এছাড়া অপর একটি ঘটনায় স্থানীয় মোহাম্মদ জুয়েল (৩৪) ও তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫) মাটিচাপা পড়ে প্রাণ হারিয়েছেন।
আপনার মতামত লিখুন :