Facebook Twitter Instagram YouTube

স্বৈরাচার উৎখাতে পারদর্শী হলেও প্রতিষ্ঠান গড়তে আমরা ব্যর্থ: মাহফুজ আনাম


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ / ০
স্বৈরাচার উৎখাতে পারদর্শী হলেও প্রতিষ্ঠান গড়তে আমরা ব্যর্থ: মাহফুজ আনাম

দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, স্বৈরাচারকে উৎখাত করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের ঈর্ষণীয় সক্ষমতা রয়েছে, যা একটি অনন্য বৈশিষ্ট্য। তবে স্বৈরাচার উৎখাত করার পর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে জাতি দুর্ভাগ্যজনকভাবে ততটাই ব্যর্থ। তিনি রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর দ্বিতীয় দিনে এ মন্তব্য করেন। ‘আমরা কি জানি কীভাবে শাসন পরিচালনা করতে হয়?’ শীর্ষক একটি পর্বে তিনি এ কথা বলেন।

মাহফুজ আনাম বলেন, স্বৈরাচার উৎখাতের সময় জাতি ঐক্যবদ্ধ থাকলেও, উৎখাতের পর তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। প্রতিটি প্রতিষ্ঠানে অতিরিক্ত রাজনীতিকরণকেই এই ব্যর্থতার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। তার মতে, রাজনৈতিক দলের সমর্থনের ভিত্তিতে চিকিৎসকের মতো পেশাজীবীরাও বিভক্ত হয়ে পড়েছেন। সাংবাদিকতার ক্ষেত্রেও এমন বিভাজন দেখা যায়, যেখানে নিরপেক্ষতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

বক্তব্যের শুরুতে মাহফুজ আনাম বৈশ্বিক শাসনব্যবস্থার ব্যর্থতা তুলে ধরেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি যুদ্ধ চলছে। শক্তিশালী দেশগুলো অন্য দেশে বোমা ফেলছে, যা সার্বভৌমত্বের ধারণাকে অস্ত্রের মজুত ও সামরিক সক্ষমতার সঙ্গে যুক্ত করছে। তিনি একে আত্মঘাতী হিসেবে অভিহিত করেন। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পদ ব্যয় না করে অস্ত্রশস্ত্রের পেছনে অর্থ ব্যয় করায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৯১ সালে সামরিক স্বৈরশাসনের পতনের পর গণতন্ত্রের পুনর্জন্মের আশা করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও নির্বাচনী ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বদলে সংঘাত ও ধ্বংসের দিকে দেশ এগিয়েছে। এর মূল কারণ হিসেবে তিনি জানান, কীভাবে মানুষের উদ্ভাবনী শক্তি ও সহনশীলতাকে জাতীয় উন্নয়নে রূপান্তর করতে হয়, তা আমরা জানি না।

তিনি আরও বলেন, আমলাতন্ত্র, পুলিশ ও গোয়েন্দা সংস্থাসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে রাজনীতিকরণ ও রাজনৈতিক ব্যবহারের প্রভাব পড়েছে। জনগণের ইচ্ছার প্রতিফলন জনস্বার্থে রূপান্তরিত হওয়ার বদলে রাজনৈতিক বাস্তবতায় রূপ নেয়, যা দুর্নীতি, দলীয় পক্ষপাত ও স্বজনপ্রীতির জন্ম দেয়। শেষ পর্যন্ত পুরো সরকারব্যবস্থা দলের একটি সম্প্রসারণে পরিণত হয়, যা শাসনব্যবস্থাকে ভেঙে ফেলে।

তবে মাহফুজ আনাম আশাবাদের জায়গাটিও তুলে ধরেন। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে একটি দক্ষ আমলাতন্ত্র ও ন্যায়সংগত ব্যবস্থা তৈরি করা সম্ভব। বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষা, সুশাসন ও প্রযুক্তির সমন্বয় প্রয়োজন। ঘনবসতিপূর্ণ এবং প্রাকৃতিক চ্যালেঞ্জের দেশ হিসেবে বাংলাদেশকে পরিচালনা করা সহজ নয়, তবে মানবসম্পদকে উৎপাদনশীল সম্পদে রূপান্তরের মাধ্যমেই অগ্রগতি অর্জন সম্ভব বলে তিনি মনে করেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo