Facebook Twitter Instagram YouTube

আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী রিতা স্থায়ী বহিষ্কৃত


প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৬, ৯:১৩ পূর্বাহ্ণ / ০
আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দল নেত্রী রিতা স্থায়ী বহিষ্কৃত

আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে চব্বিশের ছাত্র আন্দোলনের বিরোধিতা করা, আন্দোলনের পর দায়ের করা মামলা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত থাকার গুরুতর অভিযোগ রয়েছে। প্রাপ্ত এসব অভিযোগ ও তথ্য পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে দলীয় নীতিমালা ও সাংগঠনিক স্বার্থের কথা ভেবে কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সার্বিক ঐক্য বজায় রাখার স্বার্থে এই বহিষ্কারাদেশ চূড়ান্ত অনুমোদন করেন। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়।

বহিষ্কারের বিজ্ঞপ্তি অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্যপদ এবং সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে স্থায়ী অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকেই এ আদেশ কার্যকর বলে গণ্য হবে। সিদ্ধান্ত বাস্তবায়নের পর থেকে তিনি মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি বা পদমর্যাদা আর ব্যবহার করতে পারবেন না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy