
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পিএম
রাজধানীসহ বিভাগীয় ও মফস্বল শহরগুলোর বাজারে মাল্টা ও কমলার দাম অস্বাভাবিক হারে বেড়েছে। মাত্র পাঁচ সপ্তাহের ব্যবধানে মাল্টার দাম প্রায় ৮৬ শতাংশ এবং কমলার দাম প্রায় ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি কেজি মাল্টা ৫২০ টাকায় এবং কমলা ৬০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
পাঁচ সপ্তাহ আগে, অর্থাৎ আগস্টের শেষের দিকে, ঢাকার বাজারে মাল্টা প্রতি কেজি ২৮০ টাকায় এবং কমলা ৩৫০ টাকায় বিক্রি হতো। এই সময়ে মাল্টার দাম ২৪০ টাকা বেড়ে ৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, আর কমলার দাম ২৫০ টাকা বেড়ে ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আমদানিনির্ভর আপেল, আঙুর, নাশপাতিসহ অন্যান্য ফলের দামও চড়া। শুধু আমদানি করা ফলই নয়, দেশি ফলের বাজারও উত্তপ্ত। ঢাকার বাজারে দেশি ড্রাগন ফল প্রতি কেজি ২৫০-৩০০ টাকায়, পেঁয়ারা ১০০-১২০ টাকায়, সাগরকলা প্রতি ডজন ১৬০-১৭০ টাকায়, জাম্বুরা প্রতি পিস ৮০-১২০ টাকায় (মানভেদে) এবং আমড়া প্রতি কেজি ৭০-৯০ টাকায় (মানভেদে) বিক্রি হচ্ছে। অথচ অন্যান্য বছর এই সময়ে এসব ফল প্রায় অর্ধেক দামে কেনা যেত।
ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ফলের এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ হলো সরবরাহ সংকট এবং একই সময়ে চাহিদা বৃদ্ধি। কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা আমদানি হয়েছে, যেখানে স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার ফলের প্রয়োজন। এই বড় ধরনের সরবরাহ ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও হামের মতো রোগের প্রকোপ। ঘরে ঘরে শর্দি-জ্বর এবং হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় ফলের বাড়তি চাহিদা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা ও চট্টগ্রামে আগস্ট মাস থেকে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী বাড়তে থাকায় হাসপাতালকেন্দ্রিক বাজারে মাল্টা ও কমলার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক না থাকায় সামান্য বাড়তি চাহিদাও বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে।
বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, আমদানি করা ফলকে অনেক ক্ষেত্রে বিলাসপণ্য হিসেবে গণ্য করা হয়। এর ফলে আমদানিকারকদের ওপর উচ্চ কর-শুল্কের চাপ পড়ে, যার চূড়ান্ত প্রভাব গিয়ে পড়ে ভোক্তার ওপর। সংগঠনটির পক্ষ থেকে ফলের ওপর আরোপিত সম্পূরক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :