Facebook Twitter Instagram YouTube

হেরে বিদায় নিয়ে হতাশ এমবাপ্পে, মেনে নিলেন ফরাসি দলের ব্যর্থতা


প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৬, ২:০০ অপরাহ্ণ / ০
হেরে বিদায় নিয়ে হতাশ এমবাপ্পে, মেনে নিলেন ফরাসি দলের ব্যর্থতা

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হওয়ার পর শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে ফ্রান্স। এই হারের পর কোনো রাখঢাক না রেখেই নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে তিনি ফরাসিদের শক্তির জায়গাগুলো স্প্যানিশদের কারিগরি দক্ষতা ও কৌশলের কাছে মার খাওয়ার বিষয়টি খোলামেলাভাবে তুলে ধরেন।

এমবাপ্পে বলেন, আমরা যে কৌশল, কারিগরি দক্ষতা কিংবা সামগ্রিক পারফরম্যান্স নিয়ে মাঠে নামতে চেয়েছিলাম, তার কিছুই বাস্তবায়ন করতে পারিনি। বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালনে ব্যর্থ হলে জয়ের কোনো সুযোগ থাকে না। তিনি ব্যাখ্যা করেন, তাদের মূল পরিকল্পনা ছিল হাই প্রেসিংয়ের মাধ্যমে স্পেনকে চেপে ধরা, যাতে তারা ধীর ও নিয়ন্ত্রিত ছন্দ তৈরি করতে না পারে। কিন্তু মাঠের খেলায় স্প্যানিশরা সেই পরিকল্পনা পুরোপুরি নস্যাৎ করে দেয়।

ফরাসি অধিনায়ক আরও বলেন, খেলা নিয়ন্ত্রণের দিক থেকে স্পেন আমাদের চেয়ে এগিয়ে ছিল। আমরা তাদের থামাতে চেয়ে ব্যর্থ হয়েছি। মাঠের মাঝখানে বারবার ৩ বনাম ২ খেলোয়াড়ের ব্যবধানে পিছিয়ে পড়ছিলাম, যা স্পেনের মতো দলের বিপক্ষে বড় বিপদ ডেকে আনে। আমাদের বল টাচ কিংবা মুভমেন্ট, কোনোটিই সেমিফাইনাল খেলার যোগ্য ছিল না।

চলতি বিশ্বকাপে ৮ গোল করা ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড দেশের হয়ে ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ফাইনালে উঠে দেশকে স্বপ্ন দেখানোর সুযোগ হাতছাড়া হয়েছে। তবে জেতার পর যেমন মাথা উঁচু রাখা যায়, পরাজয়ের পরও তা ধরে রাখা উচিত। এমবাপ্পে জানান, দলের ভেতরে এখন তীব্র হতাশা বিরাজ করছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। তবে ফুটবল থেমে থাকে না। এখন এই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে ছুটির পর নতুন অধ্যায়ের জন্য শূন্য থেকে শুরু করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor