Facebook Twitter Instagram YouTube

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ /
হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৫

সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন করে মারা যাওয়া এই দুই শিশু সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা। এই দুই মৃত্যুর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৫ জনে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোট মৃতের মধ্যে ৯৫ জন হামে আক্রান্ত হয়ে এবং ৭১০ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের হাম শনাক্ত হয়েছে এবং পাশাপাশি আরও ৮৪৮ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। অর্থাৎ, গত একদিনে মোট ১ হাজার ১৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ২১ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৫ হাজার ৭ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত ১ লাখ ১৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh