Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ /
বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে ১১ ঐতিহাসিক রেকর্ডের হাতছানি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় রয়েছে আর্জেন্টিনা। এই ম্যাচটি কেবল শিরোপা ধরে রাখার লড়াই নয়, বরং লিওনেল মেসির জন্য নিজের ক্যারিয়ার ও ফুটবলের ইতিহাসে নতুন করে নাম লেখানোর এক অনন্য সুযোগ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকবে ব্যক্তিগত ও দলীয় একাধিক রেকর্ড গড়ার সম্ভাবনা।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে অংশ নিতে যাচ্ছেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে তিনি হবেন বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে খেলা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড ফুটবলার। সামগ্রিকভাবে এই রেকর্ডটি বর্তমানে ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে রয়েছে। স্পেনের বিপক্ষে এটি মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। এর মাধ্যমে তিনি আর্জেন্টিনার প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে দলকে নেতৃত্ব দেওয়ার কীর্তি গড়বেন। এর আগে ডিয়েগো ম্যারাডোনা দুবার আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে ফাইনালে খেলেছিলেন। বিশ্ব ফুটবলে ব্রাজিলের কিংবদন্তি কাফুর পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে মেসি তিনটি বিশ্বকাপ ফাইনালে অধিনায়কত্ব করবেন।

ফাইনালে জয়ী হলে মেসি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি দুইবার শিরোপা জয়ের স্বাদ পাবেন। এছাড়া আর্জেন্টিনা ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করবে। সেই সাথে টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার রেকর্ডটিও মেসির নামের পাশে যুক্ত হবে। ব্যক্তিগত গোলের রেকর্ডেও মহাতারকার দিকে নজর থাকবে। ফাইনালে একটি গোল করলেই তিনি বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন, যা বর্তমানে সুইডেনের নিলস লিডহোমের দখলে। এছাড়া একটি গোল তাকে ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ আট গোলের রেকর্ড ছাড়িয়ে যেতে সাহায্য করবে।

যদি মেসি দুটি গোল করতে পারেন, তবে তিনি এক বিশ্বকাপে ১০ গোলের মাইলফলক স্পর্শ করবেন, যা ইউরোপের বাইরের কোনো ফুটবলারের জন্য প্রথম অর্জন। এর আগে জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলার এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। ২০২২ সালের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করা মেসি এবার গোল পেলে বিশ্বকাপ ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে দুটি ভিন্ন ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন। এছাড়া দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠবেন এবং হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড। সব মিলিয়ে, ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের রোনালদোর গড়া বিশ্বকাপজয়ী দলের হয়ে এক আসরে সর্বোচ্চ আট গোলের রেকর্ডটিও ভেঙে দেওয়ার সুযোগ থাকবে মেসির সামনে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor