
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করেছেন। দলের একজন জ্যেষ্ঠ নেতা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, দীর্ঘদিনের মহাসচিবকেই রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, চূড়ান্ত সিদ্ধান্তটি মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্ভর করছে। যদিও প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা নিশ্চিত করেছেন যে মির্জা ফখরুলের নামই রাষ্ট্রপতি পদের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর আগে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি প্রার্থী নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের ওপর ন্যস্ত করেছিল।
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে রোববার (৯ আগস্ট) সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সদর দপ্তরে গিয়ে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায়, সংসদীয় সমর্থনে বড় ধরনের পরিবর্তন না ঘটলে দলটির মনোনীত প্রার্থীই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ২০ আগস্ট নির্ধারণ করেছে। ওইদিন প্রয়োজনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে মির্জা ফখরুল যদি একমাত্র বৈধ প্রার্থী হন, তবে কোনো ভোটের প্রয়োজন হবে না এবং তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মোহাম্মদ সাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা বাধ্যতামূলক।
আপনার মতামত লিখুন :