
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার সঙ্গে সারাদেশের নৌ-যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা বিআইডব্লিউটিএ (নদীবন্দর)-এর সহকারী পরিচালক নির্মল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লঘুচাপ ও সতর্ক সংকেত বিদ্যমান থাকায় জেলার সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হাজিরহাট সিট্রাক ঘাট ও রামনেওয়াজ ঢাকা সার্ভিস ঘাটের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অনেক যাত্রী ভোলা যাওয়ার জন্য হাজিরহাট সিট্রাক ঘাটে জড়ো হয়েছিলেন, তবে নৌযান চলাচল বন্ধ থাকায় তাদের ফিরে যেতে হয়েছে। একই অবস্থা দেখা গেছে রামনেওয়াজ ঢাকা সার্ভিস ঘাটেও; সেখানে ঢাকাগামী যাত্রীরা অপেক্ষা করলেও ঢাকা থেকে কোনো লঞ্চ না আসায় তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি।
ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মাহবুবুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ভোলায় ৫৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :