Facebook Twitter Instagram YouTube

জাহাঙ্গীর হত্যার বিচার না হলে এমপি পদ ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ /
জাহাঙ্গীর হত্যার বিচার না হলে এমপি পদ ছাড়ার ঘোষণা ফজলুর রহমানের

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) মো. জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় না আনা হলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।

শনিবার বিকেলে মিঠামইন উপজেলার বালুর মাঠে আয়োজিত এক নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি দেন। নিহত জাহেদুল আলম জাহাঙ্গীরের স্মরণে এই সভার আয়োজন করা হয়।

শোকসভায় ফজলুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, জাহাঙ্গীর তাঁর সন্তানের মতো ছিলেন। এই নির্মম হত্যাকাণ্ডের সঠিক বিচার না হলে তিনি সংসদ সদস্য পদ ছেড়ে দেবেন। প্রশাসনকে ১৫ দিনের সময় দিয়ে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে দ্রুত আইনের মুখোমুখি করতে হবে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকায় নিজের বাগানবাড়ির সামনে হামলার শিকার হন জাহেদুল আলম জাহাঙ্গীর। একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে নির্মমভাবে হত্যা করে। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।

শোকসভায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, সাবেক সহসভাপতি রুহুল হোসাইন, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক এবং জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জাহেদুল আলম জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই নাগরিক শোকসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh