Facebook Twitter Instagram YouTube

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক নেতা হত্যার ঘটনায় অভিযুক্তের ভাইকে পিটিয়ে হত্যা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ / ০
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক নেতা হত্যার ঘটনায় অভিযুক্তের ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে (৩৫) হত্যার ঘটনায় এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গণপিটুনিতে নিহত মেহেদী হাসান (৩১) বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, এই হত্যাকাণ্ডে জাহাঙ্গীর আলম সরাসরি জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নগরের ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা সুরুজ জামানকে হত্যা করা হয়। ঘটনার সময় তিনি তাঁর সাত বছর বয়সী মেয়ের সঙ্গে বাসায় ফিরছিলেন। পথে মোটরসাইকেল থামিয়ে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহত সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেছেন যে, জাহাঙ্গীর আলম, তাঁর ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।

সুরুজ জামান হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে পিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। একপর্যায়ে মেহেদীকে উদ্ধার করে পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে মৃত্যুর পর তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে। তবে অভিযুক্ত যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo