
বাংলাদেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের সংস্কৃতি যেন আর কখনো ফিরে না আসে, তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রোববার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গুমের শিকার ব্যক্তিদের এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি বলেন, শেখ হাসিনার দেড় দশকের ফ্যাসিবাদী শাসনামলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের একটি ভয়াবহ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। এই নৃশংসতার শিকার হয়েছেন অসংখ্য বিরোধী মতের মানুষ, যাদের অনেকেই আজও নিখোঁজ। তাদের স্বজনরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফেরার অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
তিনি ‘আয়নাঘর’ নামক প্রকোষ্ঠে চালানো অমানবিক নির্যাতনের কঠোর সমালোচনা করে বলেন, গুম হওয়া মানুষের ফেরার আকুতি এবং পরিবারের দীর্ঘশ্বাসের ওপর দাঁড়িয়েই ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ এসেছে। দুর্ভাগ্যজনকভাবে, বিপ্লব-পরবর্তী বাংলাদেশেও অনেক পরিবার এখনো প্রিয়জনের সন্ধান পায়নি।
বর্তমান সরকারের গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং মানবাধিকার কমিশন বিল নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, অতীতে গুমের বিরুদ্ধে অবস্থান নিলেও এসব বিলে দায়মুক্তির সুযোগ থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিটি ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত ছাড়া এই সংস্কৃতির স্থায়ী অবসান সম্ভব নয়। তিনি জোর দিয়ে বলেন, গুমের শিকার প্রতিটি পরিবারের কান্নার জবাব দিতে হবে এবং সত্য উদঘাটন ও ন্যায়বিচারের মাধ্যমেই প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
রোববার (৩০ আগস্ট) পালিত হতে যাওয়া আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ দাবি জানান।
আপনার মতামত লিখুন :