Facebook Twitter Instagram YouTube

নাটোর ও গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না, ১১ ঘণ্টা পর্যন্ত বন্ধ


প্রকাশের সময় : আগস্ট ১, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ / ০
নাটোর ও গোপালগঞ্জের কয়েকটি এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না, ১১ ঘণ্টা পর্যন্ত বন্ধ

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ, নতুন তার সংযোজন এবং লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ শনিবার দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা এবং গোপালগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এবং গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো)। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ভোরের দিকে রক্ষণাবেক্ষণ কাজের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর তথ্য অনুযায়ী, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়ায় বিদ্যুৎ থাকবে না। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময় কিছুটা কম-বেশি হতে পারে। এই সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (ওজোপাডিকো) জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় আজ সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ডিসি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোডে বিদ্যুৎ থাকবে না।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy