Facebook Twitter Instagram YouTube

এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ /
এনবিআরের ৬৮ অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনারকে একযোগে বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত ও যুগ্ম কর কমিশনার পদমর্যাদার মোট ৬৮ জন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন ও অফিস আদেশ প্রকাশ করা হয়।

পৃথক দুটি আদেশের মাধ্যমে এই রদবদল সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ জন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। অন্য একটি অফিস আদেশে যুগ্ম কর কমিশনার পদমর্যাদার ৩২ জন কর্মকর্তাকে বদলি, পদায়ন এবং তাদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) ওয়াকিল আহমদের স্বাক্ষর করা এসব আদেশে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারের এই কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেসব কর্মস্থলে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে যদি অন্য কোনো কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত থাকেন, তবে সেই অতিরিক্ত দায়িত্ব বাতিল বলে গণ্য হবে।

বদলি বা পদায়ন পাওয়া কর্মকর্তাদের পূর্ববর্তী পদের দায়িত্ব এবং অতিরিক্ত দায়িত্ব (যদি থাকে) হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন ও অফিস আদেশটি দেখতে ক্লিক করুন: প্রজ্ঞাপন-১ ও অফিস আদেশ-২।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy