Facebook Twitter Instagram YouTube

৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬


প্রকাশের সময় : আগস্ট ৩১, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ /
৩ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

দেশের পর্যটন খাতের সঙ্গে আন্তর্জাতিক বাজারের ব্যবসায়িক সংযোগ স্থাপনের লক্ষ্যে রাজধানী ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন বাণিজ্য মেলা 'বাংলাদেশ ট্রাভেল মার্ট (বিটিএম) ২০২৬'। আগামী ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই মেলা চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই মেলাটির আয়োজন করেছে বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (বোটোয়া)।

সোমবার ৩১ আগস্ট এক সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরীফ এবং ট্রাভেল মার্টের প্রধান সমন্বয়কারী মোহসিন ইকবাল আয়োজনের বিস্তারিত তুলে ধরেন। মেলায় দেশ-বিদেশের প্রায় ১০০টি প্রতিষ্ঠান প্রদর্শক হিসেবে অংশ নেবে বলে আয়োজকরা জানিয়েছেন। এছাড়াও মেলায় ৬০ জন ট্রেড বায়ার এবং প্রায় ১৫ হাজার দর্শনার্থীর সমাগম হতে পারে।

মেলায় ট্যুর অপারেটর, ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানি, এয়ারলাইনস, ট্রাভেল এজেন্সি এবং বিভিন্ন ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আয়োজকরা জানিয়েছেন, বিটিএমকে কেবল একটি প্রদর্শনী নয়, বরং দেশীয় পর্যটন ব্যবসাকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এবারের মেলার অন্যতম আকর্ষণ হলো অনলাইন ভিত্তিক পূর্বনির্ধারিত ক্রেতা-বিক্রেতা বৈঠক। এই ব্যবস্থার মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের পছন্দের ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে আগে থেকেই বৈঠকের সময় নির্ধারণ করতে পারবেন, যা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক অংশীদারিত্ব তৈরিতে সহায়তা করবে।

বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ বলেন, এটি বাংলাদেশের পর্যটন ব্যবসার সঙ্গে আন্তর্জাতিক বাজারের সরাসরি সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম। সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরীফ জানান, মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রধান সমন্বয়কারী মহসীন ইকবাল বলেন, অংশগ্রহণকারীরা যেন বাস্তব ব্যবসায়িক সম্ভাবনা এবং নতুন অংশীদারিত্বের সুযোগ নিয়ে ফিরতে পারেন, সেভাবেই মেলাটি সাজানো হয়েছে। মেলায় ব্যবসায়িক কার্যক্রম ও সাধারণ দর্শনার্থীদের জন্য কার্যক্রম পৃথকভাবে পরিচালিত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin