Facebook Twitter Instagram YouTube

নেপালে ভেসে আসা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় আটক ২৯


প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ /
নেপালে ভেসে আসা ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের ঘটনায় আটক ২৯

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে রাসুয়া ও এর উজানের এলাকা থেকে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট ধাদিং জেলায় পৌঁছালে সেটি ভেঙে টাকা লুটের অভিযোগে ২৯ জনকে আটক করেছে দেশটির পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা দ্য টাইমস অব ইন্ডিয়া ও নেপাল নিউজের প্রতিবেদন অনুযায়ী, বন্যার তীব্র স্রোতে ভল্টটি ত্রিশূলী নদী দিয়ে ভেসে ধাদিং এলাকায় চলে আসে। সেখানে একদল ব্যক্তি ভল্টটি ভেঙে নগদ অর্থ বের করে নেওয়ার সময় নেপাল পুলিশ ও সশস্ত্র পুলিশ বাহিনীর একটি যৌথ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের মুখপাত্র ও ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) অভি নারায়ণ কাফলের বরাতে জানানো হয়েছে, ২৯ জনকেই বর্তমানে ধাদিং জেলা পুলিশ কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান রয়েছে।

এর পাশাপাশি, বন্যায় ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার কানের দুল খুলে নেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪১ সেকেন্ডের একটি ভিডিও বিশ্লেষণ করে পুলিশ তাদের শনাক্ত করে। ভিডিওতে দেখা যায়, ওই দুই ব্যক্তি কাঠের তক্তা ও নারীর চুল ধরে মরদেহটি টেনে তোলার সময় তার কান থেকে কানের দুল খুলে নিচ্ছেন।

নেপালের তিব্বত সীমান্তবর্তী এলাকায় হিমবাহ ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও উদ্ধার অভিযান চলছে। এই দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ২ হাজারের বেশি মানুষ। দেশটির অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে জানিয়েছেন, এই ব্যাপক ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে ৪ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হতে পারে। ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মাণে নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সংস্থা কাজ চালিয়ে যাচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy