
ইরানের পারমাণবিক কর্মসূচি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টাকে ইসরাইলের অস্তিত্বের জন্য নতুন করে হুমকি হিসেবে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) নতুন সরকার গঠন নিয়ে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু জানান, গত বৃহস্পতিবার আইজেনকোটের সঙ্গে তার বৈঠক হয়েছে এবং সেই আলোচনার পরই তিনি ঐক্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও নিশ্চিত হয়েছেন।
নেতানিয়াহুর অভিযোগ, ইরান শাসনব্যবস্থা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না, কারণ তারা নিজেদের হাজার হাজার নাগরিককে হত্যা করতেও দ্বিধা করেনি। তিনি আরও বলেন, ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুনরায় শুরু করতে এবং দ্রুতগতিতে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন ঘটাতে সক্ষম হয়, তবে ইসরাইলের জন্য বিপদ আরও বাড়বে। এই পরিস্থিতিতে ইরানের হুমকি চিরতরে নির্মূল করার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নেতানিয়াহু জানান, গত নির্বাচনে তার নেতৃত্বাধীন লিকুদ পার্টি ও মিত্ররা পার্লামেন্ট নেসেটে ৫৩টি আসন পেয়েছে, যেখানে সরকার গঠনের জন্য ৬১টি আসনের প্রয়োজন। অন্যদিকে আইজেনকোটের ইয়াশার পার্টি ও তাদের মিত্ররা পেয়েছে ৪৮টি আসন এবং আরব জোট পেয়েছে ১৯টি আসন।
আরব জোটের সঙ্গে আইজেনকোটের সমঝোতার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতানিয়াহু একে ‘ভঙ্গুর ও বিপজ্জনক’ সরকার হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি শনিবার আরব জোটের সদস্যদের ‘সন্ত্রাসবাদের সমর্থক’ বলেও মন্তব্য করেন। এর আগে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছিলেন তাদের বিরুদ্ধে। নেতানিয়াহুর মতে, সীমিত সংখ্যাগরিষ্ঠতার সরকার কিংবা আরব জোটের ওপর নির্ভরশীল প্রশাসন ইরানের হুমকি মোকাবিলায় সক্ষম হবে না। তাই দীর্ঘমেয়াদে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি শক্তিশালী জাতীয় ঐক্যের সরকার গঠন করা প্রয়োজন বলে তিনি জোর দিয়েছেন।
আপনার মতামত লিখুন :