Facebook Twitter Instagram YouTube

বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিসবাহ উল আজীম


প্রকাশের সময় : জুলাই ১৭, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ /
বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (১৬ জুলাই) এই তথ্য জানানো হয়। আগামী ২৩ জুলাই অপরাহ্ন থেকে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিনি তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে রয়েল মালয়েশিয়ান নৌবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি ৮৭-এ ব্যাচের ক্যাডেট হিসেবে মেধা ও জ্যেষ্ঠতায় প্রথম স্থান অধিকার করেছিলেন। শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা এই কর্মকর্তা এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পাওয়ায় রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দেশ ও বিদেশ থেকে স্ট্র্যাটেজিক স্টাডিজ, ডিফেন্স স্টাডিজ এবং অপারেশনাল স্টাডিজ বিষয়ে তিনটি মাস্টার্স ডিগ্রি এবং এমফিল সম্পন্ন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের একজন কৃতি গ্র্যাজুয়েট।

প্রায় চার দশকের কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন কমান্ড ও স্টাফ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল (কমচিট), কমান্ডার ঢাকা নৌ অঞ্চল (কমঢাকা), কমান্ডার সাবমেরিন (কমসাব) এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নৌবাহিনী সদর দপ্তরে পরিচালক (নৌ অপারেশনস) ও পরিচালক (নৌ পরিকল্পনা) হিসেবেও দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ে তিনি বানৌজা ওমর ফারুক, বানৌজা এস আর আমিন, বানৌজা নির্ভয়, বানৌজা সৈকত এবং নৌঘাঁটি বানৌজা তিতুমীরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমি, ডিএসসিএসসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজে প্রশিক্ষক হিসেবেও তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din