
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ তামাকযুক্ত সিগারেটের প্রতি ১০ শলাকার প্যাকেটের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে একটি আদেশ জারি করেছে। রোববার এনবিআরের ওয়েবসাইটে এই আদেশটি প্রকাশ করা হয়। নতুন এই মূল্য কাঠামোয় চারটি স্তর নির্ধারণ করা হয়েছে, যার প্রতিটিতেই সম্পূরক শুল্কের হার ৬৭ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন আদেশ অনুযায়ী, সিগারেটের সর্বনিম্ন স্তরের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা এবং সর্বোচ্চ স্তরের প্যাকেটের মূল্য ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্তরের জন্য সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ৭২ টাকা ও ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এনবিআরের সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত এই আদেশটি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ১২৬(১) উপ-ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮ক-এর আওতায় জারি করা হয়েছে। গত ১৬ সেপ্টেম্বরে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী স্থানীয় সরবরাহের ক্ষেত্রে এইচ.এস. কোড ২৪০২.২০.০০-এর অধীন এই নতুন মূল্যস্তর কার্যকর করা হয়েছে।
এনবিআরের আদেশে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ফ্লেভারিং ক্যাপসুলযুক্ত কোনো সিগারেট মধ্যম স্তরের নিচে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় নিম্ন স্তরে সরবরাহ করা যাবে না, কারণ এর ফলে তরুণ ও নতুন ধূমপায়ীর সংখ্যা বাড়ছে। এছাড়া ১৬ সেপ্টেম্বরে বাজারে বলবৎ ছিল এমন কোনো নির্দিষ্ট ব্র্যান্ডের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য কোনো অবস্থাতেই কমানো যাবে না।
আদেশ অনুযায়ী, প্রতিটি সিগারেটের প্যাকেটের গায়ে শলাকার সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য এবং পণ্যের প্রকৃতি সুস্পষ্ট ও অমোচনীয়ভাবে মুদ্রিত থাকতে হবে। পাশাপাশি, রাজস্ব হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত তুলনামূলক বিবরণী প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :