
ভারতের নয়ডায় একটি বহুতল ভবন থেকে লাফ দিয়ে সম্ভভ জৈন নামে ২৯ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার নয়ডার সেক্টর-৯৪ এলাকায় অবস্থিত সুপারনোভা কমপ্লেক্সের স্পাইরা টাওয়ারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সম্ভভ জৈন হরিয়ানার মানেসরের বাসিন্দা ছিলেন। তিনি ওই ভবনের একটি এয়ারবিএনবি কক্ষে অবস্থান করছিলেন। শুক্রবার সেখানে ওঠার পর শনিবার দুপুরের দিকে তার চেকআউট করার কথা ছিল, কিন্তু তার আগেই তিনি ভবনের ৪৩ তলার বারান্দা থেকে নিচে লাফ দেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, লাফ দেওয়ার আগে সেখানে উপস্থিত এক ব্যক্তি এবং ভবনের আশপাশের লোকজন তাকে থামানোর চেষ্টা করেছিলেন। তবে তিনি কারো কথায় কান দেননি। ঘটনার আগে তিনি তার বাবাকে একাধিকবার ফোন করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গুরুতর আর্থিক চাপে ছিলেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করতে তদন্ত চলমান রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) দল। তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে এবং ভবন ও এর আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, সুপারনোভা ভবনে এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের আগস্টে ২৩ বছর বয়সী এক আইন শিক্ষার্থী ৩২ তলা থেকে পড়ে মারা যান এবং ২০২৩ সালের জানুয়ারিতে একই ভবনের ৪৩ তলা থেকে এক সম্পত্তি পরামর্শকের মৃত্যু হয়েছিল।
আপনার মতামত লিখুন :