Facebook Twitter Instagram YouTube

নুসরাত হত্যা মামলার আপিলের রায় ২৪শে আগস্ট


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ / ০ Views
নুসরাত হত্যা মামলার আপিলের রায় ২৪শে আগস্ট

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। আগামী ২৪শে আগস্ট এ মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানি শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির। এর আগে গত সপ্তাহে ডেথ রেফারেন্স, আসামিদের করা আপিল ও জেল আপিলের ওপর শুনানি শুরু হয়েছিল। রাষ্ট্রপক্ষ কর্তৃক মামলার পেপারবুক উপস্থাপনের মাধ্যমে এই শুনানি প্রক্রিয়া শুরু হয়।

নারী ও শিশু নির্যাতন দমন আইনসংক্রান্ত ডেথ রেফারেন্স ও আপিলসহ অন্যান্য বিষয় অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য গত ১০ই জুন হাইকোর্টের এই বিশেষ বেঞ্চটি গঠন করে দেন প্রধান বিচারপতি। নবগঠিত এই দ্বৈত বেঞ্চটি গত ১৪ই জুন থেকে তাদের বিচারিক কার্যক্রম শুরু করে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৪শে অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা করেছিলেন। সেই রায়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর ২০১৯ সালের ২৯শে অক্টোবর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার সমস্ত নথিপত্র হাইকোর্টে পাঠানো হয়, যা পরে ডেথ রেফারেন্স নম্বর ১৪০/২০১৯ হিসেবে নথিভুক্ত হয়। মামলাটির গুরুত্ব বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে এর পেপারবুক প্রস্তুত করা হয়েছিল। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিরাও পৃথকভাবে আপিল ও জেল আপিল দায়ের করেন। সব পক্ষের শুনানি শেষে এখন বহুল আলোচিত এই হত্যা মামলার চূড়ান্ত রায়ের অপেক্ষা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin