Facebook Twitter Instagram YouTube

ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করিয়ে প্রশংসায় ভাসছেন নেপালের মন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ /
ক্ষুধার্ত শিশুকে স্তন্যপান করিয়ে প্রশংসায় ভাসছেন নেপালের মন্ত্রী

নেপালের মহিলা, শিশু ও প্রবীণ নাগরিক বিষয়ক মন্ত্রী সীতা বাদি এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। কাঠমান্ডুর একটি শিশু হোম পরিদর্শনে গিয়ে তিনি ১৭ দিন বয়সি এক কান্নারত শিশুকে কোলে তুলে নিয়ে স্তন্যপান করান। মন্ত্রী হিসেবে নিজের পদমর্যাদাকে ছাপিয়ে তিনি শিশুটির ক্ষুধার্ত কান্নায় সাড়া দেন।

প্রতিষ্ঠানটির চরম অব্যবস্থাপনা, নোংরা বিছানা এবং বৃষ্টির পানির মধ্যে শিশুদের বসবাসের খবর পেয়ে সীতা বাদি সেখানে পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে থাকা অধিকাংশ শিশুই বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। পরিদর্শনের সময় ক্ষুধার যন্ত্রণায় ১৭ দিন বয়সি এক শিশুকন্যা একটানা কাঁদছিল। হোমে শিশুটির জন্য বিকল্প দুধের ব্যবস্থা না থাকায় মন্ত্রী তাৎক্ষণিকভাবে নোংরা বিছানায় বসেই তাকে কোলে তুলে নেন এবং স্তন্যপান করান। মায়ের স্পর্শ পেয়ে শিশুটি দ্রুত শান্ত হয়ে যায় এবং একপর্যায়ে মন্ত্রীর কোলেই ঘুমিয়ে পড়ে।

ঘটনার পর আবেগাপ্লুত সীতা বাদি জানান, শিশুটিকে কোলে নেওয়ার পর তার নিজের সন্তানের মতোই মনে হয়েছে এবং এখন থেকে তিনি শিশুটির মায়ের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, সীতা বাদি নিজেও ছোটবেলায় এমন একটি শিশু হোমে বড় হয়েছেন এবং সেখান থেকে পড়াশোনা করে আজ মন্ত্রীর দায়িত্ব পর্যন্ত পৌঁছেছেন। তিনি হোমে থাকা ১৫ দিন থেকে ২ বছর বয়সি অন্তত ২০টি শিশুর সার্বিক যত্ন নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটি নতুন করে সাজানোর কঠোর নির্দেশ দিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh