
চলতি অক্টোবর মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এ মাসে সাগরে ২ থেকে ৩টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ অথবা তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ২০২৬ সালের অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে জানিয়েছে, অক্টোবর মাসের প্রথমার্ধের মধ্যেই বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা বিদায় নিতে পারে। পুরো মাস জুড়ে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মাসটিতে ৩ থেকে ৪ দিন বজ্রঝড় হতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসের দ্বিতীয় ভাগে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তবে সামগ্রিকভাবে এ মাসে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসজুড়ে দেশের প্রধান প্রধান নদ-নদীগুলোতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু কিছু এলাকার নদীর পানি সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এ ছাড়া চলতি মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক শূন্য থেকে ৪ দশমিক শূন্য মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণকাল ৪ দশমিক শূন্য থেকে ৬ দশমিক শূন্য ঘণ্টা থাকতে পারে।
আপনার মতামত লিখুন :