
অনলাইনে বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। সোমবার (৭ সেপ্টেম্বর) নড়াইল জেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নড়াইল সদর উপজেলার ভওয়াখালী গ্রামের সাকিব হোসেন আশিক (২৩), আরাফাত মোল্লা (২২) ও মিনহাজুর রহমান (২২)।
পুলিশ জানায়, চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে আকর্ষণীয় সব বিজ্ঞাপন প্রচার করত। তারা বাজারমূল্যের চেয়ে কম দামে ইলিশ মাছ, জুতা, শিশুদের খেলনা ও ফার্নিচারসহ নানা পণ্য দেওয়ার প্রলোভন দেখাত। ক্রেতারা পণ্য অর্ডার করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। এরপরই কোনো পণ্য সরবরাহ না করে ক্রেতার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত চক্রটি।
সম্প্রতি ‘স্নিকার্স হাব বিডি’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে প্রতারিত হন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এক জোড়া জুতা অর্ডার করার পর কৌশলে তার কাছ থেকে ৮৫ হাজার ৫১৬ টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে পণ্য না পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দিলে ওই শিক্ষার্থী মহেশপুর থানায় মামলা করেন।
মামলার তদন্তে প্রযুক্তি ব্যবহার করে চক্রটির সদস্যদের অবস্থান শনাক্ত করে পুলিশ। নড়াইলে অভিযান চালিয়ে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ডসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, আত্মসাৎ করা অর্থ উদ্ধার ও চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে অপরিচিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আকর্ষণীয় বিজ্ঞাপন বা অস্বাভাবিক কম মূল্যের প্রলোভনে যাচাই ছাড়া অগ্রিম টাকা লেনদেন না করার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কেউ প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :