Facebook Twitter Instagram YouTube

ইমরান খানের মুক্তি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা


প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ / ০
ইমরান খানের মুক্তি নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ, ট্রাম্পের ওপর ক্ষুব্ধ পাকিস্তানিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তাননীতি নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্যে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেওয়া অনেক ভোটার এবার মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পাশ থেকে সরে গিয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন দিয়েছেন।

তাদের মূল অভিযোগ, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খানের মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প ক্ষমতায় এলেও পরে সেই অবস্থান থেকে সরে গেছেন। উল্টো তিনি পাকিস্তানের প্রভাবশালী সামরিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। পাকিস্তানি-আমেরিকানদের এই হতাশা শুধু ইমরান খানের মুক্তির বিষয়েই সীমাবদ্ধ নয়; পাকিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনতি, সামরিক নেতৃত্বের ভূমিকা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে ব্যাপক অসন্তোষ রয়েছে।

পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ৬ লাখ ৮০ হাজার পাকিস্তানি বংশোদ্ভূত মানুষ বাস করতেন। তাদের একটি বড় অংশ মিশিগান ও পেনসিলভানিয়ার মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে বসবাস করেন। ফলে সংখ্যায় কম হলেও এসব অঙ্গরাজ্যের নির্বাচনে তাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভার্জিনিয়ার অষ্টম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের করপোরেট ফাইন্যান্স পেশাজীবী সৈয়দ আলী জানান, ২০২৪ সালে তিনি রিপাবলিকানদের ভোট দিয়েছিলেন, কিন্তু এবার ডেমোক্র্যাটদের সমর্থন করেছেন। তার মতে, ট্রাম্প ক্ষমতায় আসার আগে পাকিস্তানে গণতন্ত্র পুনরুদ্ধার ও ইমরান খানের মুক্তির বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল, যা পূরণ হয়নি।

ইমরান খানের কারাবাস বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূতদের একটি বড় অংশের রাজনৈতিক সংহতির বিষয়ে পরিণত হয়েছে। ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান অভিযোগ করেছিলেন যে, তৎকালীন বাইডেন প্রশাসন পাকিস্তানের সামরিক বাহিনী ও বিরোধী দলগুলোর সঙ্গে যোগসাজশ করে তার সরকার উৎখাত করেছে। পরবর্তীতে বাইডেন প্রশাসনের বর্তমান শাহবাজ শরিফ সরকারের প্রতি সমর্থন অনেক পাকিস্তানি-আমেরিকানকে ২০২৪ সালে ট্রাম্পের দিকে ঝুঁকতে উৎসাহিত করেছিল, কিন্তু এবার সেই সমর্থনে ভাঙন দেখা দিয়েছে।

ভার্জিনিয়ার একাদশ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনা পেশাজীবী নাভিন শেখ বলেন, ইমরান খানের কারণেই তিনি ২০২৪ সালে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন এবং এবার তার কারণেই ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন। তিনি জানান, ইমরান খানের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো দৃশ্যমান ফল পাওয়া যায়নি। এছাড়া দুটি অনাকাঙ্ক্ষিত যুদ্ধ এবং তেলের দাম বেড়ে যাওয়ার মতো বিষয়গুলোও তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। এবার তিনি ডেমোক্র্যাট প্রার্থী জেমস ওয়াকিনশকে ভোট দিলেও সিনেটর হিসেবে মার্ক ওয়ার্নারকে ভোট দেননি।

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১১: ২০আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১: ৩৫

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh