Facebook Twitter Instagram YouTube

আরব সাগরে পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ


প্রকাশের সময় : জুলাই ৮, ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ /
আরব সাগরে পাঁচ আরোহীসহ পাকিস্তানি কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি আসার পথে পাঁচজন ক্রু সদস্যসহ একটি মালবাহী কার্গো বিমান পাকিস্তানের করাচি উপকূলের অদূরে আরব সাগরে নিখোঁজ হয়েছে। করাচিভিত্তিক বেসরকারি বিমান সংস্থা ‘কে২ এয়ারওয়েজ’ পরিচালিত বোয়িং ৭৩৭ বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের সাথে যোগাযোগের সময় অত্যন্ত দ্রুতগতিতে নিচে নেমে আসছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যম এক্সে নিশ্চিত করেছে যে, আরব সাগরে বিমানটির সন্ধানে জরুরি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯:১৮ মিনিটে বিমানটি তাদের নেভিগেশন সিস্টেমে সমস্যা দেখা দেয়ার বিষয়টি রিপোর্ট করে। রাডার ডাটা বিশ্লেষণ করে দেখা যায়, রাত ৯:২১ মিনিটে বিমানটি হঠাৎ তার গতিপথ পরিবর্তন করে এবং দ্রুত নিচে নামতে শুরু করে। এরপর করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে রাডার ও রেডিওর সাথে বিমানটির যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানটির সন্ধানে পাকিস্তানের সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। উদ্ধারকাজে সহায়তা করতে পাকিস্তান নৌবাহিনীর রণতরী ‘পিএনএস জুলফিকার’ দ্রুত ওই এলাকায় পাঠানো হয়েছে। পাশাপাশি পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধবিমান এবং নৌবাহিনীর একটি এটিআর বিমানও অনুসন্ধান প্রক্রিয়ায় অংশ নিয়েছে। বিমানটি নিখোঁজ হওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি।

বিমানচালনা বিশেষজ্ঞ ইমরান আসলাম স্থানীয় গণমাধ্যমকে জানান, রাডার থেকে বিমানটির এভাবে আকস্মিক হারিয়ে যাওয়া বেশ রহস্যজনক। সাধারণত ইঞ্জিনে সমস্যা দেখা দিলেও বিমান বাতাসে ভেসে থাকার বা গ্লাইডিং করার কথা, কিন্তু এভাবে খাড়া নিচে পড়ে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক। উল্লেখ্য, এর আগে ২০২০ সালের মে মাসে করাচি বিমানবন্দরের কাছে পিআইএ-এর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হয়েছিলেন। সেই ঘটনায় তদন্তে পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মানবত্রুটিকে দায়ী করা হয়েছিল।