
মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার (২৯ জুলাই) চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য নিশ্চিত করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি মিয়ানমারের বর্তমান সামরিক সরকারের সঙ্গে মালয়েশিয়ার শক্তিশালী কূটনৈতিক সম্পর্কের বহিঃপ্রকাশ।
প্রত্যাবাসন প্রক্রিয়ার এই অগ্রগতিকে সতর্ক কূটনীতির ফলাফল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানালেও মিয়ানমার রাজি না থাকায় তা বাস্তবায়ন করা কঠিন ছিল। তবে বর্তমান আলোচনার মাধ্যমে মিয়ানমার এখন বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।
একইসঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে মালয়েশিয়ার জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়া কোনোভাবেই সহ্য করা হবে না। জনসমাগমস্থলে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।
মালয়েশিয়ায় বসবাসরত রোহিঙ্গাদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, তাদের স্থানীয় জনগণের ব্যবসায় বাধা দেওয়া বা চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি করা উচিত নয়। অন্যথায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে। তিনি স্পষ্ট করে বলেন, মালয়েশিয়া আমাদের দেশ এবং এখানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না।
আপনার মতামত লিখুন :