Facebook Twitter Instagram YouTube

একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনের শর্ত আরও শিথিল


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ / ০
একীভূত ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা উত্তোলনের শর্ত আরও শিথিল

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের আমানতকারীদের জন্য অর্থ উত্তোলনের শর্তাবলি আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে গ্রাহকরা শুধু নিজেদের চিকিৎসার জন্য নয়, বরং পরিবারের সদস্যদের চিকিৎসা এবং অন্যান্য পারিবারিক জরুরি প্রয়োজনেও সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। সংশোধিত এই নীতিমালার আওতায় এখন বাবা-মা, সন্তান, ভাই-বোন ও স্বামী বা স্ত্রীর চিকিৎসার পাশাপাশি মেয়ের বিয়ে বা পরিবারের আকস্মিক জরুরি পরিস্থিতির মতো বিষয়গুলোকে অর্থ উত্তোলনের বৈধ কারণ হিসেবে গণ্য করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য আগে থেকেই একটি বিশেষ স্কিম কার্যকর ছিল। তবে গ্রাহকদের জরুরি আর্থিক চাহিদার কথা বিবেচনা করে পর্ষদ এই স্কিমে পরিবর্তন আনার অনুমোদন দিয়েছে। পর্ষদ সভায় উপস্থিত এক কর্মকর্তা জানান, চিকিৎসার বাইরেও পরিবারের নানা জরুরি প্রয়োজনে অর্থের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা নতুন এই ব্যবস্থায় গুরুত্ব পেয়েছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক—এই পাঁচটি ব্যাংক গত বছর একীভূত হয়ে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে। অন্তর্বর্তী সরকার এই নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে, যার মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা মূলধন হিসেবে প্রদান করেছে এবং অবশিষ্ট ১৫ হাজার কোটি টাকার বিপরীতে সাধারণ আমানতকারীদের শেয়ার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে, অনিয়ম ও জামানতবিহীন ঋণ বিতরণের অভিযোগে তীব্র তারল্য সংকটে পড়েছিল এই ব্যাংকগুলো। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এক্সিম ব্যাংক সাবেক বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নিয়ন্ত্রণে ছিল, আর বাকি চারটি ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে পরিচালিত হতো।

বর্তমানে আমানত বীমা তহবিল থেকে ১২ হাজার কোটি টাকার সহায়তায় ২ লাখ টাকা পর্যন্ত আমানত পরিশোধের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অবশিষ্ট অর্থ পর্যায়ক্রমে ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ স্কিম বাস্তবায়ন করছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩ লাখ ৫০ হাজার গ্রাহকসহ মোট ৮ লাখ ২২ হাজার আমানতকারীকে ৩ হাজার ৮৮৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor