Facebook Twitter Instagram YouTube

জুলাই আন্দোলনের বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম


প্রকাশের সময় : জুলাই ২৯, ২০২৬, ১১:১৬ অপরাহ্ণ /
জুলাই আন্দোলনের বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম

জুলাই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হলো ‘ভয়হীন বাংলাদেশ’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের কারণেই সাধারণ মানুষ আজ নির্ভয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। এই অর্জনকে ধরে রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (২৯ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত ‘জুলাইয়ের অদম্য ঐক্য এবং বিজয়ের ইতিহাস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল দীর্ঘদিনের দমন-পীড়ন, বঞ্চনা এবং মানুষের জমে থাকা ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, এই আন্দোলনের প্রতিটি ধাপ, শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আন্দোলনের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস কয়েক ঘণ্টার আলোচনায় শেষ হওয়ার মতো নয়। এই আন্দোলন নিয়ে ইতোমধ্যে গবেষণা, বই প্রকাশ এবং একাডেমিক আলোচনা শুরু হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শহীদদের আত্মত্যাগ ও আহতদের অবদানের কথা স্মরণ করে জাহিদুল ইসলাম বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানটিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din